হার মানতে নারাজ ইরান, আমেরিকার আলোচনার প্রস্তাব উড়িয়ে যুদ্ধের হুঙ্কার – এবেলা
এবেলা ডেস্কঃ
হোয়াইট হাউসের ‘নরক গুলজার’ করার হুমকির পাল্টা জবাব দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের মাধ্যমে পাঠানো আমেরিকার ১৫ দফার শান্তি প্রস্তাবকে একতরফা এবং অযৌক্তিক বলে খারিজ করেছে তেহরান। আরাগচি সাফ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনার টেবিলে বসা মানেই পরাজয় স্বীকার করা, তাই লড়াই চলবেই।
এদিকে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে সাম্প্রতিক হামলার জেরে কুয়েতজুড়ে তেজস্ক্রিয়তার সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের ঘরের ভেতরে থাকার এবং জানালা-দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কুয়েত ন্যাশনাল গার্ড। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আমেরিকা ও ইজরায়েলকে যুদ্ধ থামানোর আর্জি জানানোর পাশাপাশি ইরানকেও প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করার কড়া বার্তা দিয়েছেন তিনি।

