হাসপাতালে বেড না পেয়ে হয়রানির দিন শেষ অনলাইনে মিলবে সব তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে গিয়ে সাধারণ মানুষের বেড না পাওয়ার দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে আগামী ৩০ দিনের মধ্যে একটি বিশেষ পোর্টাল বা ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিটি হাসপাতালের কোন বিভাগে কতটি বেড খালি আছে, তার ‘রিয়েল-টাইম’ তথ্য নিয়মিত আপডেট করতে হবে। এর ফলে মুমূর্ষু রোগীদের নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অযথা ছোটাছুটি করার হয়রানি থেকে মুক্তি পাবেন পরিজনরা।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, রেফার চক্র ও বেড না থাকার অজুহাতে প্রায়ই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। করোনাকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার একটি স্বচ্ছ ও স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। এই নির্দেশ কার্যকর হলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পরিবার অনলাইনে বেডের বর্তমান পরিস্থিতি যাচাই করে নিতে পারবে। বিচারপতির ডিভিশন বেঞ্চ মনে করছে, এই ব্যবস্থা চালু হলে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবায় বড় ধরনের স্বচ্ছতা আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

