হাসিনা-বিতর্কের আবহেই ভারত সফরের ইঙ্গিত: মোদী-তারেক বৈঠকেই কি কাটবে কূটনীতির জট? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস (BRICS) সামিট আউটরিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। তবে ঢাকা এখনও এই হাই-প্রোফাইল সফরের বিষয়টি চূড়ান্ত করেনি। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচির ওপরই এই সফরের সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখলেও সফর বাস্তবায়নে আলোচনার অগ্রগতি গুরুত্বপূর্ণ। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকলে জাপান ও ভারত সফরের পরিকল্পনা হতে পারে।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ঢাকা-দিল্লি সম্পর্কে শীতলতা বিরাজ করছে। সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে দেওয়া বক্তব্য নিয়ে ঢাকা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বিএনপির মতে, এক পলাতক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া কূটনৈতিক নীতিবিরুদ্ধ।
তবে বরফ গলানোর চেষ্টা থেমে নেই। গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের শপথগ্রহণে ভারতের প্রতিনিধিদলের উপস্থিতি এবং এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর সম্পর্কের ইতিবাচক ইঙ্গিত দেয়। শীর্ষ নেতৃত্ব সরাসরি আলোচনায় বসলে দু’দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর জট কাটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
