‘হিসাবের শেষ পর্যায়, হয় ওরা থাকবে, নয় আমরা!’ যাদবপুরে দাঁড়িয়ে পড়ুয়াদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবিরোধী’ কার্যকলাপ ও বিশৃঙ্খলার অভিযোগ তুলে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিগত বাম ও তৃণমূল সরকারের বিরুদ্ধে যাদবপুরকে মদত দেওয়ার অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, দীর্ঘদিন ধরে চলে আসা এই পরিস্থিতির এবার শেষ পর্যায় এসে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয় চত্বরে ভারতবিরোধী স্লোগান এবং সনাতন সংস্কৃতির অবমাননা আর বরদাস্ত করা হবে না। নন্দীগ্রাম ও জঙ্গলমহলের মতো যাদবপুর থেকেও এই শক্তিকে নির্মূল করা হবে বলে তিনি বার্তা দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং এখানকার পড়ুয়াদের একাংশ স্বাধীনতা ও সংস্কৃতির পরিপন্থী কার্যকলাপে যুক্ত। নিট-কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি জানান, হোস্টেল থেকে পড়ুয়াদের ভয় দেখিয়ে জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দেশবিরোধী স্লোগান তোলা হয়। বর্তমান সরকারের জমানায় এই ধরনের বেয়াদবি এবং বিশৃঙ্খলা কোনোভাবেই চলবে না বলে তিনি জানান। জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে এবং ‘বন্দে মাতরম্’ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে রাষ্ট্রবাদের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
