হুঁশিয়ারির এক ঘণ্টার মধ্যেই মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা – এবেলা
এবেলা ডেস্কঃ
তেহরান: চরম উত্তেজনার পারদ চড়িয়ে মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-কে লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছুড়ল ইরান। ইরানি নৌবাহিনীর সরাসরি হুমকির ঠিক এক ঘণ্টার মধ্যেই এই দুঃসাহসিক পদক্ষেপের দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
ইরানের সামরিক কমান্ডার শাহরাম ইরানি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন রণতরীটি তাদের ক্ষেপণাস্ত্রের নাগালে আসামাত্রই আঘাত হানা হয়েছে। উপকূলভিত্তিক এই হামলাকে আমেরিকার ‘কৌশলগত পরাজয়’ হিসেবে দেখছে তেহরান। সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি সাফ জানিয়েছেন, সুপারপাওয়ার হওয়ার দাপট এখন অতীত।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গঠনমূলক আলোচনা’র দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। তাদের পাল্টা হুঁশিয়ারি, ইরানের ওপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যের সমস্ত জ্বালানি ও বিদ্যুৎ পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে এই ঘটনার পর বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধাতঙ্ক ছড়িয়ে পড়েছে।

