হেয়ার এক্সটেনশনে লুকিয়ে থাকা মারণফাঁদ, ৯০০ রাসায়নিক বাড়িয়ে দিচ্ছে ক্যানসার ও বন্ধ্যাত্বের ঝুঁকি – এবেলা
এবেলা ডেস্কঃ
চুলের বাহারি সাজে মজেছেন কমবয়সিরা কিন্তু কৃত্রিম হেয়ার এক্সটেনশনের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নালের এক গবেষণায় ৪৩টি পণ্যে প্রায় ৯০০ রকমের বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি মিলেছে। এই কৃত্রিম পদ্ধতিতে নকল চুল আটকাতে ব্যবহৃত আঠা ও কেমিক্যাল সরাসরি শরীরের সংস্পর্শে এসে হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন হেয়ার এক্সটেনশনে ব্যবহৃত অর্গানোটিন, বেঞ্জিন এবং থ্যালেটের মতো উপাদান রক্ত ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এই বিষাক্ত রাসায়নিকগুলো প্রজনন ক্ষমতা কমিয়ে বন্ধ্যাত্বের কারণ হতে পারে। ফ্যাশনের খাতিরে দীর্ঘ সময় এই রাসায়নিক ব্যবহার করলে চুলের স্বাভাবিক কেরাটিন নষ্ট হওয়ার পাশাপাশি দেখা দিতে পারে শ্বাসকষ্টের মতো জটিল সমস্যা।

