১ কোটি টাকার এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত তেলঙ্গানায়, সাড়া ফেলে দিল প্রশাসনের বড় অভিযান

১ কোটি টাকার এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত তেলঙ্গানায়, সাড়া ফেলে দিল প্রশাসনের বড় অভিযান

আরব দুনিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই দেশে কালোবাজারি রুখতে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। তেলঙ্গনায় বিশাল এক অভিযানে প্রায় ৩,৬৯৯টি গৃহস্থালি এলপিজি সিলিন্ডার এবং ৭০টি ছোট সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে সিভিল সাপ্লাইস দফতর। গত ১২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলা এই অভিযানে মোট ১.১০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বেআইনি মজুত ও বাণিজ্যিক ব্যবহারের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ১,২৭৫টি মামলা এবং ২১৬টি এফআইআর দায়ের করা হয়েছে।

সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সরকার দেশজুড়ে নজরদারি জোরদার করেছে। সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে প্রায় ১২ হাজার অভিযান চালিয়ে মোট ১৫ হাজারের বেশি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে জ্বালানির পর্যাপ্ত জোগান রয়েছে এবং কোথাও সরবরাহ বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

গুজবের প্রভাবে সোমবার প্রায় ৭০ হাজার অতিরিক্ত ‘প্যানিক বুকিং’ লক্ষ্য করা গেছে, যা সামলাতে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে। বর্তমানে ৯৪ শতাংশ বুকিং অনলাইনেই সম্পন্ন হচ্ছে এবং স্বচ্ছতা বজায় রাখতে ডেলিভারি অথেনটিসিটি কোড (ডিএসি)-এর ব্যবহার বেড়েছে। পরিস্থিতি পর্যালোচনায় বিহার, দিল্লি ও কর্নাটকসহ একাধিক রাজ্যে অ-গৃহস্থালি এলপিজি বরাদ্দে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি শিপিং মন্ত্রক জানিয়েছে যে, উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকরা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *