১ ফেব্রুয়ারি কেন পেশ করা হয় কেন্দ্রীয় বাজেট এবং কী পেতে পারেন সাধারণ মানুষ, জানুন – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশজুড়ে এখন ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে টানটান উত্তেজনা। প্রতি বছরের মতো এবারও ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী সংসদের টেবিলে দেশের আয়-ব্যয়ের খতিয়ান পেশ করবেন। ২০১৭ সালের আগে পর্যন্ত ব্রিটিশ আমলের রীতি মেনে ফেব্রুয়ারির শেষ দিনে বাজেট পেশ করা হতো। মোদী সরকার সেই ধারা বদলে ১ ফেব্রুয়ারি দিনটি ধার্য করে, যাতে পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই সংসদীয় প্রক্রিয়া শেষ করে প্রকল্পের অর্থ বরাদ্দ নিশ্চিত করা যায়। বাড়তি এই দুই মাস সময় সরকারকে প্রশাসনিক কাজে গতি আনতে সাহায্য করে।
আগামী বাজেটে চাকুরিজীবী ও মধ্যবিত্ত মহলের প্রধান নজর রয়েছে আয়কর ছাড়ের ওপর। বিশেষ করে দীর্ঘ সময় ধরে স্থির থাকা সেকশন ৮০সি-র দেড় লক্ষ টাকার বিনিয়োগের সীমা বৃদ্ধির জোরালো দাবি উঠেছে। মূল্যস্ফীতির বাজারে সঞ্চয় বাড়াতে অর্থমন্ত্রী এই সীমায় বড় কোনো ঘোষণা করেন কি না, তা নিয়ে চলছে জল্পনা। পাশাপাশি মিউচুয়াল ফান্ডে খুচরো বিনিয়োগকারীদের জন্য কর ছাড়ের সুপারিশ করেছে ‘অ্যাম্ফি’। মধ্যবিত্তের সঞ্চয় উৎসাহিত করতে সরকার যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তবে বিনিয়োগের ক্ষেত্রে বড় স্বস্তি মিলতে পারে।

