১০ মার্চ থেকে পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ চালু করছে সরকার
নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় আগামী ১০ মার্চ থেকে দেশে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। প্রাথমিকভাবে ১৪টি উপজেলার নির্দিষ্ট ওয়ার্ডের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানরা এই কার্ড পাবেন। এর মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে, যা সরাসরি ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই পাইলট প্রকল্পের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে এই কর্মসূচি পরিচালিত হলেও আগামী বাজেটে স্থায়ী বরাদ্দ রাখা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরির পাশাপাশি এই প্রক্রিয়ায় অনিয়ম রোধে দ্বিন্তর বিশিষ্ট চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে সারা দেশের চার কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা। মূলত নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা বর্তমান সরকারের অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা।

