১০ মাসের শিশুকন্যার মৃত্যুতে নতুন জীবন পেলেন ৫ জন!

কেরলের পাথানামথিট্টা জেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১০ মাস বয়সী শিশু আলিন শেরিন আব্রাহামের অঙ্গদানের মাধ্যমে পাঁচটি শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি দুর্ঘটনার পর কোট্টায়মের অমৃতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শোকাতুর বাবা-মা প্রিয় সন্তানকে হারানোর বেদনার মধ্যেও তার লিভার, দুটি কিডনি, হার্ট ভালভ এবং দুটি কর্নিয়া দান করার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।
চিকিৎসকদের তত্ত্বাবধানে সম্পন্ন এই প্রক্রিয়ায় ছ’মাস বয়সী এক শিশু আলিনের লিভার প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন পেয়েছে, যা কেরলের অঙ্গদানের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রাপকের নজির। ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে অভিভাবকদের সম্মতির ভিত্তিতে এই অঙ্গদান প্রক্রিয়া সম্পন্ন হয়। এই সাহসী ও মানবিক উদ্যোগ অঙ্গদান নিয়ে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে।
