১০০ দিনের সাফল্য দেখতে বঙ্গে অমিত শাহ! ২১-২২ অগস্ট ঠাসা কর্মসূচি – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে বিজেপি নেতৃত্বের নতুন সরকারের ১০০ দিন পূর্ণ হতেই ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২০ অগস্ট তিনি রাজ্যে এসে পৌঁছাবেন। ওয়াকিবহাল মহলের মতে, প্রশাসনিক ও রাজনৈতিক—উভয় দিক থেকেই তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ১৯ অগস্ট নতুন সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। সেই বিশেষ উপলক্ষেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর নির্ধারিত হয়েছে। এর আগে গত মাসেই তিন দিনের রাজ্য সফরে এসে উত্তর ও দক্ষিণবঙ্গে পৃথক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছিলেন অমিত শাহ। সে সময় বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণ ও প্রশাসনিক স্বচ্ছতা আনতে একগুচ্ছ কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি।
সূত্রের খবর, এবারের দুই দিনের সফরে (২১ ও ২২ অগস্ট) মূল লক্ষ্য হলো গত ১০০ দিনে সেই নির্দেশগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখা। কোথাও প্রশাসনিক গাফিলতি বা লালফিতের ফাঁস তৈরি হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবেন শাহ।
এই দুই দিনে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে একাধিক ম্যারাথন বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং সামগ্রিক প্রশাসনিক গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হবে। সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি প্রশাসনিক কাজের এই কড়া মূল্যায়নই হতে চলেছে তাঁর এবারের বঙ্গ সফরের মূল কেন্দ্রবিন্দু।
