১০৯ দিন পর মিলল বিচার! মার্চেন্ট নেভি অফিসারকে নৃশংস খুনে স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড – এবেলা

১০৯ দিন পর মিলল বিচার! মার্চেন্ট নেভি অফিসারকে নৃশংস খুনে স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের মিরাটে দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী চাঞ্চল্যকর ‘নীল ড্রাম’ হত্যাকাণ্ডে ঐতিহাসিক রায় ঘোষণা করল আদালত। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে নির্মমভাবে হত্যার অপরাধে তাঁর স্ত্রী মুসকান রস্তোগি এবং প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল মিরাট জেলা আদালত। দীর্ঘ আইনি লড়াই ও শুনানির পর বিচারক অরবিন্দ কুমার মিশ্র অভিযুক্তদের এই কঠোর শাস্তি প্রদান করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছর মার্চ মাসে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে বিষ খাইয়ে ও কুপিয়ে খুন করেন তাঁর স্ত্রী মুসকান এবং প্রেমিক সাহিল। খুনের পর নৃশংস প্রমাণ লোপাট করতে সৌরভের ক্ষতবিক্ষত মরদেহ টুকরো টুকরো করে একটি বড় নীল রঙের প্লাস্টিকের ড্রামে ভরে দেওয়া হয়। এরপর ড্রামের ভেতর সিমেন্ট ও বালির মিশ্রণ ঢেলে ঢাকনা আটকে সিল করে দেওয়া হয়েছিল, যাতে কোনোভাবেই দুর্গন্ধ বাইরে না ছড়ায়।

তদন্তে নেমে পুলিশ ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই মূল ষড়যন্ত্রকারী স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিলকে গ্রেফতার করে। পরবর্তীতে প্রায় ১০০০ পাতার চার্জশিট আদালতে পেশ করে পুলিশ। দীর্ঘ ১৩ মাস ধরে চলা এই মামলায় মোট ১২৬টি শুনানি অনুষ্ঠিত হয় এবং ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সমস্ত বিজ্ঞানভিত্তিক ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ নিখুঁতভাবে খতিয়ে দেখে আদালত একে ‘বিরল থেকে বিরলতম’ অপরাধ বলে গণ্য করে এবং দুই আসামির ফাঁসির আদেশ জারি করে।

আদালতের এই রায়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন নিহত সৌরভের পরিবার। সৌরভের মা তাঁর প্রতিক্রিয়ায় জানান, আদালত যে ন্যায়বিচার করেছে তাতে দেশের বিচারব্যবস্থা ও আইনের প্রতি তাঁদের আস্থা আরও দৃঢ় হলো। এই ধরনের নৃশংস অপরাধের ক্ষেত্রে এর চেয়ে কম কোনো শাস্তি হতে পারে না। উত্তরপ্রদেশের এই বহুল আলোচিত রায় প্রকাশের পর থেকেই দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *