১৫ অগস্ট মেট্রো যাত্রীদের জন্য বড় খবর! কোন রুটে বন্ধ থাকবে পরিষেবা? – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর বিভিন্ন রুটে ট্রেন চলাচলের নিয়মে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ছুটির দিনের কথা মাথায় রেখে যাত্রীসংখ্যা বিচার করে নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বাধীনতা দিবসের দিন অরেঞ্জ লাইনে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। অন্যদিকে, পার্পল লাইনে অন্যান্য সাধারণ দিনের মতোই স্বাভাবিক চলাচল বজায় থাকবে।
বাকি রুটগুলিতেও ট্রেনের সংখ্যায় রদবদল ঘটেছে। স্বাধীনতা দিবসে ব্লু লাইনে মোট ১৯৪টি এবং গ্রিন লাইনে ১৪৮টি মেট্রো চলাচল করবে। ইয়েলো লাইনে স্বাভাবিক ৯২টি সার্ভিস চালু থাকলেও সরাসরি ট্রেনের সংখ্যা ৫টি থেকে কমিয়ে ৪টি করা হয়েছে। তবে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, সমস্ত সচল রুটেই প্রথম ও শেষ ট্রেনের নির্ধারিত সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। যাত্রীদের বিভ্রান্তি এড়াতে এই পরিমার্জিত সূচি প্রকাশ করা হয়েছে।
