১৫ নয়, ১৮ অগস্ট: একই বাংলায় কেন দুই দিনে পালিত হয় স্বাধীনতা দিবস? – এবেলা

এবেলা ডেস্কঃ
১৫ অগস্ট দেশজুড়ে ৮০তম স্বাধীনতা দিবস মহাসমারোহে পালিত হলেও পশ্চিমবঙ্গের নদিয়া ও মালদহ জেলার বেশ কিছু সীমান্ত এলাকায় ১৮ অগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর নেপথ্যে রয়েছে ১৯৪৭ সালের দেশভাগ ও সীমানা নির্ধারণ ঘিরে তৈরি হওয়া এক জটিল ঐতিহাসিক প্রেক্ষাপট।
১৯৪৭ সালে ব্রিটিশ আইনজীবী সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে বাউন্ডারি কমিশন ভারত ও পাকিস্তানের সীমানারেখা নির্ধারণ করে। কিন্তু প্রাথমিক সিদ্ধান্তে নদিয়া ও মালদহের হিন্দুপ্রধান বেশ কিছু অঞ্চলকে ভুলবশত পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর ফলে ওই এলাকাগুলিতে তীব্র গণঅসন্তোষ দেখা দেয় এবং তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের কাছে এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়।
পরিস্থিতি পর্যালোচনার পর ১৭ অগস্ট রাতে র্যাডক্লিফ সংশোধিত মানচিত্র প্রকাশ করেন, যেখানে বিতর্কিত এলাকাগুলি ভারতের অন্তর্ভুক্ত করা হয়। এর আগে কিছু স্থানে পাকিস্তানের পতাকা তোলা হলেও, সীমানা সংশোধনের পর ১৮ অগস্ট সেখানে প্রথম ভারতের তেরঙ্গা ওড়ানো হয়। এই ঐতিহাসিক ভুল সংশোধন ও ভারতে চূড়ান্ত অন্তর্ভুক্তিকে স্মরণীয় করে রাখতে ১৯৯১ সাল থেকে স্থানীয় বাসিন্দারা ১৮ অগস্ট দিনটিকে বিশেষ স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছেন।
