১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কর্নাটক সরকারের – এবেলা
এবেলা ডেস্কঃ
কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার ১৬ বছরের কম বয়সি শিক্ষার্থীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার লক্ষে একটি নতুন ডিজিটাল নীতিমালা ঘোষণা করেছে। শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি এই নির্দেশিকায় বলা হয়েছে, দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ফেসবুকসহ কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে না। এছাড়া, পড়াশোনার বাইরে দিনে সর্বোচ্চ এক ঘণ্টার বেশি মোবাইল ব্যবহার করা যাবে না এবং ঘুমানোর এক ঘণ্টা আগে ফোন বন্ধ রাখা বাধ্যতামূলক বা ‘টেক কার্ফিউ’ জারির প্রস্তাব দেওয়া হয়েছে।
এই নীতি কার্যকর করতে প্রতিটি স্কুলে একটি ‘ডিজিটাল ওয়েলনেস কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলোতে পড়াশোনা সংক্রান্ত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের পরিবর্তে পুনরায় পুরনো ডায়েরি প্রথা ফিরিয়ে আনার সুপারিশ করা হয়েছে। সাইবার বুলিং রোধে স্কুল কর্তৃপক্ষকে কঠোর প্রোটোকল মেনে চলতে হবে এবং শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা শিক্ষার্থীদের অতিরিক্ত প্রযুক্তি আসক্তির লক্ষণগুলো দ্রুত শনাক্ত করতে পারেন।
অভিভাবকদেরও সন্তানদের অফলাইন খেলাধুলা ও বই পড়ায় উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, শিশুদের জন্য বিশেষ ‘চাইল্ড প্ল্যান’ সংবলিত ফোন তৈরির প্রস্তাব দিয়েছে পুলিশ প্রশাসন, যেখানে সন্ধ্যা ৭টার পর ডেটা ব্যবহারের সুযোগ থাকবে না। ডিজিটাল প্ল্যাটফর্ম সংক্রান্ত সহায়তার জন্য সরকার দ্রুত একটি হেল্পলাইন চালু করবে। নিমহ্যান্স-এর বিশেষজ্ঞ ও সাইবার ক্রাইম দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে তৈরি এই খসড়া নীতিটি মূলত শিশুদের মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতেই প্রণীত হয়েছে।

