‘১৭ তারিখের মধ্যে টাকা না মিললে মহান্দোলন!’ অন্নপূর্ণা প্রকল্প নিয়ে মিনাখাঁয় বড় হুংকার – এবেলা

‘১৭ তারিখের মধ্যে টাকা না মিললে মহান্দোলন!’ অন্নপূর্ণা প্রকল্প নিয়ে মিনাখাঁয় বড় হুংকার – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোর উৎস আবহেই রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা প্রকল্প’-এর ভাতা এবং রেশন পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ ছড়াল উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। অনিয়ম ও বঞ্চনার অভিযোগ তুলে বাসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) অফিসের সামনে জোরাল প্রতিবাদ ও বিক্ষোভ দেখালেন কয়েকশো স্থানীয় বাসিন্দা।

বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, অন্নপূর্ণা প্রকল্পের আওতায় একাধিক পরিবার টাকা পেলেও, সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও বহু যোগ্য প্রাপক এখনও পর্যন্ত এক টাকাও পাননি। উৎসবের মুখে এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভে ফুটছেন স্থানীয়রা। এর পাশাপাশি সঠিক ও নিরবচ্ছিন্নভাবে রেশন পরিষেবা সচল রাখার দাবিও তুলেছেন তাঁরা।

এই দুই দাবিকে সামনে রেখে এলাকার কয়েকশো নারী-পুরুষ একজোট হয়ে মিনাখাঁ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন। এই আন্দোলনে সরব হয়ে বঞ্চিত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।

বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, আগামী ১৭ অক্টোবরের মধ্যে অন্নপূর্ণা প্রকল্পের সমস্ত যোগ্য প্রাপকদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে এবং রেশন বন্টন প্রক্রিয়া স্বাভাবিক করতে হবে। এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবিসমূহ পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে মিনাখাঁর বাম নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *