১৭ মার্চের মধ্যে কি ঘোষণা হবে বাংলার ভোটের দিনক্ষণ? – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202612:53 pm
নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৭ মে-র মধ্যে রাজ্যে নতুন সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কারণ ওই দিনই বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক কবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১৭ মার্চ ভোটের তারিখ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
কত দফায় ভোট হতে পারে বাংলায়?
সবচেয়ে বড় চমক হতে পারে ভোটের দফার সংখ্যা নিয়ে। ২০০১ সালের পর থেকে বাংলায় প্রতিটি নির্বাচন একাধিক দফায় হয়েছে। তবে এবার কমিশন সূত্রে ইঙ্গিত মিলছে, দীর্ঘদিনের প্রথা ভেঙে মাত্র এক থেকে তিন দফার মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করা হতে পারে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ১০ দিন সময় দেওয়া হবে আপত্তির জন্য, তারপরই চূড়ান্ত নির্ঘণ্ট সামনে আসবে।
ভোটের আগেই রাজ্যে বিশাল বাহিনী
নির্বাচন ঘোষণার অনেক আগেই নজিরবিহীনভাবে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু করছে কমিশন। আগামী ১ মার্চ এবং ১০ মার্চ— এই দুই দফায় মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পা রাখছে। এর মধ্যে সিআরপিএফ, বিএসএফ এবং আইটিবিপির মতো প্রশিক্ষিত জওয়ানরা থাকছেন। সাধারণত স্পর্শকাতর এলাকাগুলোতে আগেভাগেই রুট মার্চ শুরু করে ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোই কমিশনের লক্ষ্য।
এক দফায় ভোটের সুবিধা ও চ্যালেঞ্জ
যদি কমিশন এক দফায় ভোট করানোর সিদ্ধান্ত নেয়, তবে রাজনৈতিক দলগুলোর পক্ষে বহিরাগতদের এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাওয়া আসাম্ভব হয়ে পড়বে। এতে নির্বাচনী হিংসা কমার সম্ভাবনা থাকলেও, নিরাপত্তার জন্য বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে। কমিশন এখন সেই সমীকরণ মেলাতেই ব্যস্ত। আসাম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্টও একই দিনে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

