লেটেস্ট নিউজ

১৮ মাসেই কি মুছে যাবে আপনার চাকরি? মাইক্রোসফট এআই প্রধানের সতর্কবার্তায় তোলপাড় বিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দাপটে আগামী দিনে কর্মসংস্থান কোন দিকে যাবে, তা নিয়ে মাইক্রোসফট এআই-এর সিইও মুস্তাফা সুলেমানের একটি সাম্প্রতিক মন্তব্য কর্পোরেট দুনিয়ায় তীব্র আতঙ্ক ও আলোচনার সৃষ্টি করেছে। তাঁর দাবি, আগামী দেড় বছরের মধ্যে কম্পিউটারের ওপর নির্ভরশীল অধিকাংশ চাকরির অস্তিত্ব সংকটের মুখে পড়বে।

‘ফিনান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুলেমান স্পষ্ট জানিয়েছেন যে, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বেশিরভাগ ‘হোয়াইট কলার’ বা দাপ্তরিক কাজ এআই-এর মাধ্যমে স্বয়ংক্রিয় হয়ে যাবে। বর্তমানে মানুষ কম্পিউটারের সামনে বসে যে ধরনের কাজ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সেই কাজগুলো অনেক বেশি নিখুঁতভাবে এবং দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবে।

কোন কোন পেশায় সবথেকে বেশি বিপদ?

মাইক্রোসফট বর্তমানে ‘প্রফেশনাল-গ্রেড এজিআই’ (Professional-grade AGI) তৈরির শেষ পর্যায়ে রয়েছে। এই প্রযুক্তি সফল হলে আইন, ফিন্যান্স এবং ম্যানেজমেন্টের মতো পেশাদার ক্ষেত্রগুলোতে আমূল পরিবর্তন আসবে। সুলেমানের তালিকায় থাকা ঝুঁকিপূর্ণ পেশাগুলো হলো:

  • আইনজীবী: আইনি নথি যাচাই ও ড্রাফটিং এখন করবে এআই।
  • অ্যাকাউন্ট্যান্ট: আর্থিক হিসাবনিকাশ ও বিশ্লেষণ হবে স্বয়ংক্রিয়ভাবে।
  • প্রজেক্ট ম্যানেজার: ব্যবসায়িক কৌশল ও পরিকল্পনা সাজাবে যন্ত্র।
  • মার্কেটিং প্রফেশনাল: নিখুঁত ডেটা অ্যানালাইসিস ও প্রচারের কাজ করবে ডিজিটাল এজেন্ট।

বাস্তবেই কি শুরু হয়েছে ছাঁটাই?

সুলেমান একে কেবল ভবিষ্যৎবাণী বলতে নারাজ, কারণ এর প্রভাব এখনই দেখা যাচ্ছে। জনপ্রিয় ক্লাউড কো ম্পা নি ‘সেলসফোর্স’ ইতিমধ্যেই এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে গিয়ে প্রায় ১,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। ক্লান্তহীনভাবে ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম ‘ডিজিটাল কর্মী’দের দিকেই এখন ঝুঁকছে বড় বড় সংস্থাগুলো।

সহজ হবে এআই মডেল তৈরি

মুস্তাফা সুলেমান আরও এক চমকপ্রদ তথ্য দিয়েছেন। তাঁর মতে, ভবিষ্যতে একটি নিজস্ব এআই মডেল তৈরি করা ব্লগ লেখা বা পডকাস্ট শুরু করার মতোই সহজ হয়ে যাবে। এর জন্য কোনো বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে না। ফলে ছোট ছোট সংস্থাগুলোও নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজস্ব ‘এআই এজেন্ট’ তৈরি করে নিতে পারবে, যা সরাসরি মানুষের কর্মসংস্থানের ওপর প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *