১৯ লক্ষ টাকার নতুন প্রকল্প, শিলিগুড়িতে অ্যাম্বুল্যান্স ও সাফাই পরিষেবার সূচনা – এবেলা
এবেলা ডেস্কঃ
শহরবাসীর নাগরিক পরিষেবা আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি পুরনিগম। রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় জনস্বাস্থ্য ও সাফাই অভিযানে গতি আনতে একগুচ্ছ নতুন পরিষেবা চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় ১৯ লক্ষ ৩২ হাজার ১৯৬ টাকা ব্যয়ে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে।
শিলিগুড়ি পুরনিগম প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিষেবাগুলির উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসার প্রয়োজনে বিশেষ গুরুত্ব দিয়ে পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে একটি নতুন অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে আপৎকালীন পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষ দ্রুত চিকিৎসা সহায়তা পাবেন।
শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনার ওপরও জোর দেওয়া হয়েছে। প্রকল্পের অধীনে ১৯ নম্বর ও ৩২ নম্বর ওয়ার্ডের আবর্জনা পরিষ্কারের জন্য দুটি অত্যাধুনিক নেট ভ্যান নামানো হয়েছে। পাশাপাশি, বিভিন্ন ওয়ার্ডে পুরসভার কাজ ও নাগরিক পরিষেবা দ্রুত পৌঁছে দিতে আরও তিনটি টোটো পরিষেবার সূচনা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র গৌতম দেব জানান, নাগরিকদের দোরগোড়ায় দ্রুত ও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়াই পুরনিগমের মূল লক্ষ্য। স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করার পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং জরুরি প্রয়োজন মেটাতে ধারাবাহিকভাবে এই ধরনের উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়া হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে শিলিগুড়ির জনস্বাস্থ্য ও সাফাই ব্যবস্থায় আরও গতি আসবে বলে আশা করছে পুর কর্তৃপক্ষ।

