লেটেস্ট নিউজ

২০২৬ কি বদলে যাবে লোকসভার চেনা ছবি? ৮১৬ আসনের নয়া সমীকরণে তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরের মাস্টারস্ট্রোক কেন্দ্রের – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি– ২০১১ সালের জনশুমারি মেনেই কি এবার দেশে কার্যকর হতে চলেছে মহিলা সংরক্ষণ আইন? জল্পনা উসকে দিয়ে নরেন্দ্র মোদী সরকার বড়সড় আইনি পরিবর্তনের পথে হাঁটতে পারে বলে বিশেষ সূত্রে খবর। নতুন জনশুমারি বা সীমানা পুনর্নির্ধারণের দীর্ঘ প্রক্রিয়ার অপেক্ষা না করেই তড়িঘড়ি এই সংরক্ষণ রূপায়ণে মরিয়া কেন্দ্র।

একলাফে বাড়বে আসন সংখ্যা

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লোকসভার বর্তমান চেহারা আমূল বদলে যাবে। আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে হতে পারে ৮১৬। যার মধ্যে অন্তত ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ২০২৪-এর পরবর্তী পর্বে নারীশক্তিকে বাড়তি গুরুত্ব দিয়ে এটি বিজেপির এক বড় রাজনৈতিক চাল বা ‘মাস্টারস্ট্রোক’ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আইনি জটিলতা ও সংশোধনীর সম্ভাবনা

বর্তমান আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী, নতুন জনশুমারির পর সীমানা পুনর্নির্ধারণ হওয়ার কথা ছিল। সেই আইনি বাধা কাটাতে বর্তমান বাজেট অধিবেশনেই সরকার একটি সংশোধনী বিল আনতে পারে। তবে সংবিধানের ৩৬৮(২) অনুচ্ছেদ মেনে এই পরিবর্তনের জন্য সংসদের দুই কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

বিরোধী শিবিরের সমর্থন কি মিলবে?

বিজেপির একার পক্ষে সংসদে প্রয়োজনীয় সংখ্যাধিক্য জোগাড় করা কঠিন। তাই তলে তলে বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে শাসক শিবির। উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও এই আইনের রোডম্যাপ তৈরির জন্য সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছিলেন। বিরোধীদের সেই দাবিকে হাতিয়ার করেই কেন্দ্র এবার পাল্টা চাল দিল কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজধানীর অলিন্দে। মন্ত্রিসভার সবুজ সংকেত মিললে আগামী সপ্তাহেই বিলটি সংসদের উচ্চকক্ষে পেশ হওয়ার সম্ভাবনা প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *