লেটেস্ট নিউজ

২০২৬ বিধানসভা নির্বাচন: অবাধ ভোট করাতে বাংলায় দ্বিগুণ পর্যবেক্ষক পাঠাচ্ছে কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন নিরাপত্তার পথে হাঁটছে নির্বাচন কমিশন। আগামী এপ্রিলে দুই দফায় ভোটগ্রহণের লক্ষ্যে এবার রাজ্যে প্রায় ৩৫০ জন পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে, যা গত নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ। কমিশনের এই কড়া পদক্ষেপের মূল লক্ষ্য হলো প্রতিটি বুথে স্বচ্ছতা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো।

প্রশাসনিক বিন্যাস অনুযায়ী, এবার রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে ‘জেনারেল অবজার্ভার’ বা সাধারণ পর্যবেক্ষক থাকছেন। পাশাপাশি, ২৮টি পুলিশ জেলা ও ৬টি পুলিশ কমিশনারেটের জন্য পৃথক পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হবে। এছাড়াও নির্বাচনী ব্যয়ের হিসাব নিঁখুতভাবে তদারকি করতে ৭০ থেকে ৮০ জন আয়-ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সালের নির্বাচনে যেখানে ১৬০ জন সাধারণ পর্যবেক্ষক ছিলেন, সেখানে এবার প্রতিটি কেন্দ্রে আলাদা নজরদারি থাকবে। সোমবারই সিইও দপ্তরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। কোনো রকম ঝুঁকি না নিয়ে নিঁখুত নজরদারির মাধ্যমেই গণতান্ত্রিক উৎসব সুনিশ্চিত করতে চাইছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *