২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় নজিরবিহীন নিরাপত্তা! ভোট মিটলেও অনির্দিষ্টকাল থাকবে ৫০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার পথে হাঁটল নির্বাচন কমিশন। ভোট-পরবর্তী হিংসার আশঙ্কা রুখতে এবার কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী, ভোটের পরেও রাজ্যে অনির্দিষ্টকালের জন্য মোতায়েন থাকবে প্রায় ৫০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী, যার মধ্যে রয়েছে প্রায় ৫০ হাজার জওয়ান। শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ইভিএম ও স্ট্রং রুমের সুরক্ষায় ২০০ কো ম্পা নি বাহিনী নিবেদিত থাকলেও, বাকি বিশাল সংখ্যক বাহিনী মূলত আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকবে।
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। বিশেষ করে মালদহের কালিয়াচকে এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম উত্তেজনা কমিশনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বুধবার রাতে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। নাম বাতিলের প্রতিবাদে জনবিক্ষোভ চলাকালীন পুলিশের অনুপস্থিতি নিয়ে ইতিপূর্বে সুপ্রিম কোর্টে সমালোচনার মুখে পড়তে হয়েছে কমিশনকে। এর জেরে রাজ্যের ডিজিপি, মুখ্যসচিব ও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের শোকজও করা হয়েছে।
রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং অতীতের অভিজ্ঞতার কথা মাথায় রেখে কমিশন এবার বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ। কালিয়াচকের ঘটনায় এনআইএ তদন্তের পাশাপাশি সিআইডি ইতিমধ্যেই এক মিম নেতাকে গ্রেপ্তার করেছে। এই উত্তপ্ত আবহে ভোট এবং ফলপ্রকাশের পরবর্তী সময়েও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই অতিরিক্ত বাহিনী রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপ আদতে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি ও মানুষের আস্থা ফেরানোর একটি বড় প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
