২০২৬ বিশ্বকাপ: আমেরিকায় খেলতে নারাজ ইরান, বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত মেক্সিকো – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে আমেরিকার মাটিতে খেলতে নিরাপত্তা ও রাজনৈতিক কারণ দেখিয়ে আসাম্মতি জানিয়েছে ইরান। ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে ইরান ফুটবল ফেডারেশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিসা জটিলতা এড়াতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্য দেশে ম্যাচ খেলার দাবি তুলেছে।
ইরানের এই অনড় অবস্থানের প্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফিফা অনুমতি দিলে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করতে তাদের কোনো আপত্তি নেই। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে মেক্সিকো এই সংকট সমাধানে বিকল্প আস্তানা হতে প্রস্তুত বলে মঙ্গলবার স্পষ্ট করেছেন তিনি।
তবে এই ভেন্যু পরিবর্তন ফিফার জন্য একটি বড় চ্যালেঞ্জ। সূচি অনুযায়ী ১৬ থেকে ২৭ জুনের মধ্যে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ইরানের তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। টিকিট বিক্রি ও সম্প্রচার চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে যাওয়ায় ম্যাচ স্থানান্তর নিয়ে জটিলতা কাটেনি। এশিয়ার শক্তিশালী এই দলটির অংশগ্রহণ নিয়ে ফিফা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

