২০২৭ বিশ্বকাপ জয়ই পাখির চোখ, গম্ভীরের মাস্টারপ্ল্যান – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন লক্ষ্য স্থির করল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ই এখন দলের মূল লক্ষ্য। আইপিএল ২০২৬ শেষ হওয়ার পরেই এই মেগা ইভেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করবে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৬ বছরের খরা কাটিয়ে ট্রফি ঘরে তোলাই এখন প্রধান চ্যালেঞ্জ।
গম্ভীরের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের আগে ভারত প্রায় ২৫ থেকে ৩০টি একদিনের ম্যাচ খেলবে। আন্তর্জাতিক সূচিতে ওয়ানডে ম্যাচের সংখ্যা কম হওয়ায় আগেভাগেই দল গোছানোর ওপর জোর দিচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকার পিচ ও আবহাওয়ার প্রতিকূলতা মোকাবিলায় উপযুক্ত খেলোয়াড় বাছাই এবং সঠিক কম্বিনেশন তৈরি করাই এখন কোচিং স্টাফ ও নির্বাচকদের প্রধান কাজ।
২০১১ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে নির্বাচক কমিটির সঙ্গে মিলে একটি পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট তৈরি করছে টিম ম্যানেজমেন্ট। আইপিএল পরবর্তী সময়কালকে কাজে লাগিয়ে ধাপে ধাপে খেলোয়াড়দের ভূমিকা নির্ধারণ এবং রণকৌশল সাজানো হবে বলে আশাবাদী কোচ গৌতম গম্ভীর।

