২০২৮ নয় বরং এ বছরই ভারতে আসছে রাফাল মেরিন ফাইটার জেট – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় নৌসেনার শক্তিবৃদ্ধিতে বড় চমক দিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই দেশে পৌঁছাতে পারে ফরাসি রাফাল মেরিন ফাইটার জেট। প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, ২০২৮ সালের পরিবর্তে ২০২৬ সালের আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই এই অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রথম ব্যাচ ভারতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে প্রশিক্ষণ কাজের জন্য দুই আসনবিশিষ্ট ট্রেইনার জেটগুলো পাঠানো হবে, যা স্থলভাগ থেকে পরিচালিত হবে।
২০২৫ সালের এপ্রিলে ভারত ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত প্রায় ৬৩ হাজার কোটি টাকার চুক্তির অধীনে মোট ২৬টি রাফাল মেরিন কেনা হচ্ছে। এর মধ্যে ২২টি একক আসনের যুদ্ধবিমান এবং ৪টি দুই আসনের ট্রেইনার জেট রয়েছে। এই ট্রেইনার জেটগুলো আগেভাগে চলে এলে নৌসেনার পাইলট এবং কারিগরি কর্মীরা আধুনিক অ্যাভিওনিক্স ও যুদ্ধকৌশলে দ্রুত পারদর্শী হয়ে ওঠার সুযোগ পাবেন। ফলে ২০২৮ সালে মূল কম্ব্যাট জেটগুলো আসার সাথে সাথেই সেগুলো সরাসরি অপারেশনে নামানো সম্ভব হবে।
এই যুদ্ধবিমানগুলো আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের মতো রণতরী থেকে উড্ডয়নে সক্ষম। এতে মেটিওর এবং এক্সোসেটের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত থাকবে, যা সমুদ্রে ভারতের সামরিক আধিপত্য বহুগুণ বাড়িয়ে দেবে। পুরনো রুশ মিগ-২৯কে জেটের স্থলাভিষিক্ত হওয়া এই রাফাল মেরিনগুলোর রক্ষণাবেক্ষণও সহজ হবে, কারণ এর ৮০ শতাংশ যন্ত্রাংশ আগে থেকে বায়ুসেনায় ব্যবহৃত রাফাল জেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। ২০৩০ সালের মধ্যে সবকটি বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও ট্রেইনার জেটের আগাম আগমনকে ভারতের প্রতিরক্ষা কৌশলে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

