২৪ ঘণ্টাও কাটল না! সিআইডির জালে কীভাবে জড়াচ্ছেন অভিষেকের পিএ সুমিত রায়? – এবেলা

এবেলা ডেস্কঃ
শালবনির জমি দুর্নীতি মামলায় শনিবার ম্যারাথন জেরা শেষ হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার সকালে ফের সিআইডির সদর দফতর ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। গতকালের মতো আজও নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে প্রবেশ করেন তিনি। তদন্তের স্বার্থে সিআইডির নির্দেশমতো আজ সকাল ৯টা বেজে ৪৯ মিনিটে ভবানী ভবনে পৌঁছান সুমিত। এর আগে শনিবার একটানা দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা জেরা শেষে রাত ৮টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে সরাসরি তৃণমূল সাংসদের কালীঘাটের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
শালবনি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে জমি দুর্নীতির একটি লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তদন্ত শুরু হয়। আইনি সুরক্ষার আশায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও শালবনি মামলায় কাঙ্ক্ষিত রক্ষাকবচ না পাওয়ায় সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন। শীর্ষ আদালত নির্দেশ দেয়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না, তবে তদন্তে তাঁকে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে। সুপ্রিম কোর্টের সেই রক্ষাকবচকে হাতিয়ার করেই গত শনিবার থেকে সিআইডির মুখোমুখি হচ্ছেন সুমিত। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত পৃথক মামলার আবহে এই দফায় তদন্তকারীরা তাঁকে ঠিক কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন এবং জেরা থেকে নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন সবার নজর রয়েছে।
