২৪ ঘণ্টার পুলিশি হেপাজত শেষে মুক্তির পরেই হুঙ্কার! মুচলেকা না দিয়েই কী বড় ঘোষণা ‘ককরোচ’ দিপকের? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রায় ২৪ ঘণ্টা পুলিশের হেফাজতে থাকার পর মুক্তি পেয়েই ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে আন্দোলন বা বিক্ষোভ না করার বিষয়ে তিনি কোনও মুচলেকা বা বন্ডে সই করেননি। এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার বার্তা দিয়ে তিনি জানান, সিজেপি কখনও ভয় পাবে না বা পিছু হটবে না। বর্তমানে ঠাকুমার শেষকৃত্যে যোগ দিতে তিনি মহারাষ্ট্রে নিজের গ্রামে গেছেন এবং তাঁর অনুপস্থিতিতে দলের যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন।
অন্যদিকে, রবিবারেও উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির রাজীব চক এলাকা। সেখানে ‘ফ্ল্যাশ প্রটেস্ট’-এ নামা আইসা (AISA) ও এসএফআই (SFI)-সহ একাধিক বাম ছাত্র সংগঠনকে বাধা দেয় দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশের মহিলা ব্যাটালিয়ন এবং র্যাফ। এলাকা জুড়ে ১৬৩ ধারা জারি করে চলে ব্যাপক ধড়পাকড় ও পুলিশি নির্যাতন। অভিযোগ উঠেছে, আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে বেধড়ক মারধর করা হয়েছে, যার ফলে এসএফআই-এর সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজির কপাল ফেটে রক্ত ঝরে এবং বহু ছাত্র জ্ঞান হারান। শেষ পাওয়া খবর অনুযায়ী, আটক ছাত্রের সংখ্যা ১০০ পার হয়েছে।
