২৪ ভারতীয় নাবিক থাকা জাহাজে মার্কিন হামলা! ওমানের কাছে কেন রণমূর্তি ওয়াশিংটন? – এবেলা

২৪ ভারতীয় নাবিক থাকা জাহাজে মার্কিন হামলা! ওমানের কাছে কেন রণমূর্তি ওয়াশিংটন? – এবেলা

এবেলা ডেস্কঃ

ওমানের উপকূলে ২৪ জন ভারতীয় নাবিকবাহী একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সেনার হামলার ঘটনায় আন্তর্জাতিক জলসীমায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মাদাগাস্কারের পতাকাবাহী ‘এমটি মারিভেক্স’ নামক জাহাজটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সোমবার দুপুরে হরমুজ প্রণালীর কাছে পৌঁছাতেই মার্কিন বাহিনীর গোলার আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। যদিও ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়ালেও, দ্রুত তৎপরতায় ভারতীয় নাবিকদের সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

নৌ অবরোধ লঙ্ঘনের অভিযোগ, সাফাই ওয়াশিংটনের

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের অবস্থান স্পষ্ট করেছে। তাদের দাবি, যুদ্ধের আবহে হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধ জারি রয়েছে। মার্কিন সেনার নির্দেশ অমান্য করে জাহাজটি ইরানের বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই নিয়ম লঙ্ঘন করার কারণেই যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন থেকে জাহাজটিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। গত ১৩ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই অবরোধে মার্কিন নৌবাহিনী অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এই নিয়ম লঙ্ঘনকারী সাতটি জাহাজকে ইতিমধ্যেই অচল করা হয়েছে। অন্যদিকে, নিয়ম মেনে চলা ১৩৪টি জাহাজকে অন্য পথে সরিয়ে দেওয়া হয়েছে এবং মানবিক সহায়তার খাতিরে ৪২টি জাহাজকে হরমুজ পারাপারের অনুমতি দেওয়া হয়েছে। সংঘাতের এই আবহে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর এই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *