লেটেস্ট নিউজ

২৫০ পার করবে তৃণমূল! দোলের পরেই তফশিলি ভোটব্যাঙ্কে বড় ঝটকা দিতে চলেছে অভিষেক বাহিনী – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: আসন্ন নির্বাচনে ২৫০-র বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। সোমবার নজরুল মঞ্চে দলের তফশিলি সংগঠনের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে এই আত্মবিশ্বাসী দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, “ভোটার তালিকায় বাংলার ৬০ লক্ষ মানুষকে বিচারাধীন করে রেখে দিয়েছে কেন্দ্র। এবার ইভিএমে এই বিজেপিকেই বিচারাধীন করে দেওয়ার সময় এসেছে।” বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টার জবাব ব্যালটেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাচনী রণকৌশল সাজাতে এদিন তফশিলি এলাকার নেতা-কর্মীদের বিশেষ বার্তাও দিয়েছেন অভিষেক। জানা গেছে, দোলের উৎসব মিটলেই কোমর বেঁধে মাঠে নামছে ঘাসফুল শিবির। তফশিলি অধ্যুষিত এলাকাগুলোতে জোরদার প্রচার ও জনসংযোগ কর্মসূচি শুরু করার নির্দেশ দিয়েছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড।

বিজেপির ভোটার তালিকা সংক্রান্ত ‘চাল’ রুখতে তৃণমূল যে এবার আরও আগ্রাসী মেজাজে পথে নামছে, অভিষেকের এদিনের বক্তব্যেই তা স্পষ্ট। এখন দেখার, দোলের পর অভিষেকের এই নয়া কর্মসূচি নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *