লেটেস্ট নিউজ

২৬-এর নির্বাচন অস্তিত্বের লড়াই! আসানসোল দক্ষিণে ফের প্রার্থী হয়ে হুঙ্কার অগ্নিমিত্রার – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। জল্পনা অবসান ঘটিয়ে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় বিদায়ী বিধায়ক অগ্নিমিত্রা পালকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে পদ্ম শিবির। সোমবার বিকেলে দলের এই আনুষ্ঠানিক ঘোষণার পর ওই এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

প্রার্থী হিসেবে নাম আসায় কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, এবারের নির্বাচন সাধারণ কোনও ভোট নয়, বরং এটি বাংলার মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। তাঁর মতে, রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং ইতিহাস-ঐতিহ্য রক্ষায় এই জয় অত্যন্ত জরুরি। তিনি আসানসোল দক্ষিণের সাধারণ মানুষের সমর্থন ও আশীর্বাদ কামনা করে পুনরায় জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনগণের উদ্দেশ্যে হাতজোড় করে অগ্নিমিত্রা জানান, তৃণমূলের তোলাবাজি ও দুর্নীতির হাত থেকে বাংলাকে রক্ষা করতে মোদীজির সুশাসন প্রতিষ্ঠা করাই তাঁদের মূল লক্ষ্য। তিনি মনে করেন, শুধুমাত্র অগ্নিমিত্রা নয়, এলাকার প্রতিটি সাধারণ মানুষ ও কর্মীই এই লড়াইয়ের আসল কান্ডারি। রাজ্যজুড়ে বিজেপির প্রার্থীদের গৈরিক অভিনন্দন জানিয়ে তিনি উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *