২৬ দিন পর ফিরছে স্বজনদের নিথর দেহাবশেষ, আনন্দপুর অগ্নিকাণ্ডে ১৮ জনের দেহাংশ হস্তান্তর – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের সেই বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ২৬ দিন পার হয়ে গেলেও শোকের আবহ কাটেনি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিখোঁজ ২৭ জনের মধ্যে শনাক্ত হওয়া ১৮ জনের দেহাংশ আজ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকেই কাঁটাপুকুর মর্গে ভিড় জমিয়েছেন শোকাতুর আত্মীয়-পরিজনেরা। প্রিয়জনের শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে মর্গ চত্বরে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক পরিস্থিতি।
উল্লেখ্য, আনন্দপুরে বিধ্বংসী আগুনের ঘটনার পর মোট ২৭ জন নিঁখোজ রয়েছেন বলে থানায় ডায়েরি করা হয়েছিল। ডিএনএ পরীক্ষা এবং বিভিন্ন ফরেনসিক পদ্ধতির মাধ্যমে দীর্ঘ সময় পর ১৮টি দেহাংশ শনাক্ত করতে সক্ষম হয়েছে প্রশাসন। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এই ১৮ জনের মধ্যে সিংহভাগই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। রুটিরুজির সন্ধানে শহরে এসে এমন করুণ পরিণতির শিকার হতে হবে, তা ভাবতেও পারছেন না তাঁদের পরিবারের সদস্যরা।
তবে প্রশাসনের দুশ্চিন্তা বাড়িয়ে এখনও ৯টি দেহাংশ শনাক্ত করা সম্ভব হয়নি। ওই দেহাবশেষগুলো এতটাই দগ্ধ যে প্রাথমিক পরীক্ষায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ফলে যে ৯টি পরিবার এখনও তাঁদের প্রিয়জনের বিষয়ে নিশ্চিত হতে পারেননি, তাঁদের উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েই চলেছে। আজ শনাক্ত হওয়া ১৮টি দেহাংশ হস্তান্তরের সময় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদের দেহাবশেষ নিয়ে আজই তাঁদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন পরিজনেরা।

