২৭ বার কোপ ও দেড় লাখ টাকা চুরি, প্রধান শিক্ষিকার ভয়াবহ হত্যাকাণ্ডে পুলিশের হাতে মারাত্মক তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ
তেলেঙ্গানার নালগোন্ডায় নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন স্কুলের প্রধান শিক্ষিকা রূপা রেড্ডি। গত ১১ আগস্ট দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে ২৭ বার ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে এবং নগদ দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন চুরি করে চম্পট দেয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ৭০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং শিক্ষিকার একটি ভিডিও বার্তা থেকে ‘বাবু’ ডাকের সূত্র ধরে তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। জানা যায়, রূপা রেড্ডি তাঁর স্কুলের ছাত্রদের ভালোবাসায় ‘বাবু’ বলে ডাকতেন। এরপরই ঘটনার সময় স্কুলে অনুপস্থিত থাকা ছাত্রদের তালিকা তৈরি করে পাঁচজন তদন্তকারী দল।
জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ প্রথমে ১৩ জন শিক্ষার্থীকে চিহ্নিত করে, যার মধ্যে দশম শ্রেণির দুই ছাত্রের ওপর চরম সন্দেহ দানা বাঁধে। দেখা যায়, ঘটনার পর থেকে ওই দুই ছাত্র হঠাৎ করেই প্রচুর টাকা খরচ করতে শুরু করেছিল। আটক করার পর তাদের একজনের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লক্ষ ৫৪ হাজার টাকার নোটে রক্তের দাগ পায় পুলিশ, যা ফরেন্সিক তদন্তে প্রধান শিক্ষিকার বলে প্রমাণিত হয়। বাইকের আসক্তি, মদ্যপান ও হস্টেলের শৃঙ্খলাভঙ্গের কারণে ওই ছাত্রদের শাসন করেছিলেন রূপা রেড্ডি, আর সেই আক্রোশ থেকেই পাঁচ দিন ধরে রেকি করে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটায় ওই দুই নাবালক।
