২৭ লাখ চুরি করে মন্দিরে পুজো! রাজস্থান থেকে গ্রেপ্তার ইন্দোরের প্রাক্তন চালক – এবেলা

এবেলা ডেস্কঃ
September 16, 20268:10 am
ইন্দোর: মালিকের ঘর থেকে এক লহমায় ২৭ লাখ টাকা সাফাই! সেই টাকা পকেটে পুরে রাজস্থানে গিয়ে নামী মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিল সাবেক চালক। উদ্দেশ্য—‘দৈব আশীর্বাদ’ নিয়ে নতুন বাড়ি তৈরি করা। কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়ল না; সাইবার সেলের টেকনিক্যাল নজরদারিতে সানওয়ারিয়া শেঠ মন্দিরের চত্বর থেকেই তাকে গ্রেপ্তার করল ইন্দোর পুলিশ। অভিযুক্তের কাছ থেকে ইতিমধ্যেই উদ্ধার করা গিয়েছে চুরির ২৪ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের ইন্দোরের রাউ থানা এলাকার ব্যবসায়ী গৌরমের বাড়িতে ঘটেছিল এই চুরির ঘটনা। আলমারি থেকে প্রায় ২৭ লাখ টাকা হাওয়া হয়ে যাওয়ায় পুলিশে অভিযোগ দায়ের হয়। সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত তথ্যের ওপর ভিত্তি করে তদন্ত শুরু করতেই নাম উঠে আসে পুরোনো গাড়িচালক রোহিত সিং কোসের। পুরোনো কর্মী হওয়ার সুবাদে বাড়ির কোন কোনায় চাবি বা নগদ গচ্ছিত থাকে, তা রোহিতের নখদর্পণে ছিল।
টাকা হাতিয়েই ইন্দোর ছেড়ে রাজস্থানের দিকে চম্পট দেয় রোহিত। তবে ইন্দোর পুলিশের সাইবার সেল ক্রমাগত তার মোবাইল লোকেশন ট্র্যাক করতে থাকে। জানা যায়, অভিযুক্ত রাজস্থানের নামজাদা সানওয়ারিয়া শেঠের মন্দিরে পুজো দিতে গিয়েছে। কালবিলম্ব না করে মন্দির চত্বরে অভিযান চালিয়ে রোহিতকে পাকড়াও করে তদন্তকারী দল।
জিজ্ঞাসাবাদে পুলিশকে রোহিত জানিয়েছে, নিজের একটি নতুন বাড়ি কেনার প্রবল ইচ্ছে ছিল তার। কিন্তু টাকা না থাকায় সহজ পথ হিসেবে চুরির পরিকল্পনা ছকে ফেলে সে। ইন্দোরের ডিসিপি নরেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, খোয়া যাওয়া টাকার সিংহভাগই বাজেয়াপ্ত করা গিয়েছে। বাকি টাকার খোঁজে তল্লাশি চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে।
