২৮ বছরের খরা শেষ! এশিয়ান গেমসে রুপো জিতে ইতিহাস মীরাবাই চানুর – এবেলা

এবেলা ডেস্কঃ
September 23, 20261:10 pm
অলিম্পিক্সে রুপো, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা আর কমনওয়েলথ গেমসে একের পর এক সাফল্য— ঝুলিতে অর্জনের কমতি ছিল না ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানুর। তবে এশিয়ান গেমসের পদকটাই বারবার অধরা থেকে যাচ্ছিল। অবশেষে দূর হলো সেই দীর্ঘদিনের অপূর্ণতা।
এশিয়ান গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগে মোট ১৯৮ কেজি ওজন তুলে ঐতিহাসিক রুপো জিতলেন মণিপুরের এই তারকা অ্যাথলিট। একই সঙ্গে এশিয়ান গেমসের ভারোত্তোলনে ভারতের দীর্ঘ ২৮ বছরের পদক-খরার ঐতিহাসিক অবসান ঘটালেন তিনি।
স্ন্যাচে নিখুঁত পারফরম্যান্স প্রতিযোগিতার শুরু থেকেই আত্মবিশ্বাসী মেজাজে দেখা যায় মীরাবাইকে। স্ন্যাচ বিভাগে তিনি প্রথম চেষ্টায় ৮৩ কেজি, দ্বিতীয় প্রচেষ্টায় ৮৫ কেজি এবং তৃতীয় চেষ্টায় ৮৭ কেজি ওজন তোলেন। তিনটি সুযোগেই সফল হয়ে মুখে চওড়া হাসি ফুটিয়ে বারবেল নামান চানু। এই বিভাগে ইন্দোনেশিয়ার লুলুক দিয়ানা ও উত্তর কোরিয়ার রি সং গামের থেকে কড়া লড়াই থাকলেও নিজের মনোবলে অবিচল ছিলেন ভারতীয় তারকা।
ক্লিন অ্যান্ড জার্কে রুপো নিশ্চিত ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে অত্যন্ত কৌশলী সিদ্ধান্ত নেন মীরাবাই। শুরুতে ১০৬ কেজি নির্ধারণ করলেও প্রতিযোগিতার মোড় দেখে তা বাড়িয়ে ১০৭ কেজি করেন এবং সফল হন। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় একলাফে ১১১ কেজি ওজন তুলে নেন চানু। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী লুলুক দিয়ানা ১০৭ কেজি তুলতে ব্যর্থ হতেই ভারতের রুপোর পদক নিশ্চিত হয়ে যায়। মীরাবাই মোট ১৯৮ কেজি (স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি) তুলে দ্বিতীয় স্থান অর্জন করেন।
প্রতিযোগিতায় মোট ২১৫ কেজি ওজন (স্ন্যাচে ৯৪ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১২১ কেজি) তুলে নতুন বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন উত্তর কোরিয়ার রি সং গাম।
২৮ বছর পর দূর হলো খরা ১৯৯৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের হয়ে শেষবার রুপো জিতেছিলেন কিংবদন্তি কারনাম মল্লেশ্বরী। তার পর থেকে দীর্ঘ ২৮ বছর আর কোনও ভারতীয় ভারোত্তোলক এশিয়াডের মঞ্চে পদক পাননি। এর আগে দু’বার খালি হাতে ফিরতে হলেও এবার সেই অধরা স্বপ্ন পূরণ করলেন মীরাবাই চানু। আর তাঁর এই অনন্য সাফল্যের ওপর ভর করেই চলতি এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা পৌঁছে গেল ৯-এ।
