‘৩ লাখ না দিলে খুন!’ সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে হাওড়ার ছাত্রীকে অপহরণ, উদ্ধার নিউ মার্কেটে – এবেলা

এবেলা ডেস্কঃ
September 10, 20267:34 pm
ইনস্টাগ্রামে পরিচয়, তারপরেই বিদেশে পড়াশোনা ও লোভনীয় চাকরির টোপ! সাইবার অপরাধীদের পাতা এমন ফাঁদে পা দিয়েই চরম বিপদে পড়েছিল হাওড়ার একাদশ শ্রেণির এক ছাত্রী। ৩ লক্ষ টাকা মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় পরিবারকে। তবে হাওড়া গ্রামীণ পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে অলৌকিকভাকে উদ্ধার করা হলো ওই ছাত্রীকে।
কীভাবে ঘটল ঘটনাটি? পুলিশ সূত্রের খবর, হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটি এলাকার একাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় জমায় এক সাইবার প্রতারক চক্র। তাকে বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির প্রলোভন দেখানো হয়। গত ৭ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় মেয়েটি। যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও বন্ধুদের থেকে ধার করা কিছু টাকা নিয়ে বাসে চেপে সোজা চলে আসে ধর্মতলায়।
হোটেলে বন্দি ও ৩ লাখ টাকার মুক্তিপণ: অভিযুক্তেরা আগে থেকেই নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ঘর বুক করে রেখেছিল। মেয়েটিকে সেখানে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। এরপরই ছাত্রীর বাড়িতে ফোন করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। টাকা না দিলে মেয়েকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
তদন্তে পুলিশ ও উদ্ধার: মেয়ে বাড়ি না ফেরায় ৭ সেপ্টেম্বরই নিখোঁজ ডায়েরি করে পরিবার। পরেই মুক্তিপণের ফোন এলে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ, সাইবার সেল এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দ্রুত তদন্তে নামে। অভিভাবকদের ফোনে নজরদারি চালিয়ে পুলিশ জানতে পারে, মেয়েটিকে নিউ মার্কেটের একটি হোটেলে রাখা হয়েছে। বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
নেপথ্যে আন্তঃরাজ্য চক্র? হাওড়া (গ্রামীণ)-র পুলিশ সুপার অমিত বর্মা জানান, ছাত্রীকে উদ্ধার করে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হয়েছে। প্রাথমিক অনুমান, বিহার, উত্তরপ্রদেশ বা হরিয়ানার কোনো আন্তঃরাজ্য অপরাধী চক্র এর নেপথ্যে রয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
