লেটেস্ট নিউজ

৩১ জানুয়ারির আগেই কোচবিহার থেকে পাকাপাকি বন্ধ বিমান পরিষেবা-চরম দুর্ভোগে জেলাবাসী – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হওয়া কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা চলতি মাসের শেষেই বন্ধ হতে চলেছে। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা থাকলেও গত ২১ দিনে মাত্র একদিন বিমান ওঠানামা করেছে। কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমান বিমান সংস্থাটি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ তিন বছর পরিষেবা দেওয়ার পর তাদের এই প্রস্থানে উত্তরবঙ্গের এই জেলাটির আকাশপথের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মুখে দাঁড়িয়েছে। বিমান চলাচল অনিয়মিত হয়ে পড়ায় এবং নতুন কোনও সংস্থার সঙ্গে চুক্তি না হওয়ায় বর্তমানে টিকিট বুকিং সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, যান্ত্রিক ও অন্যান্য অপারেশনাল কারণ দেখিয়ে প্রায় প্রতিদিনই উড়ান বাতিল করা হচ্ছে। এতে জেলাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করলেও বিমান পরিষেবা বন্ধ হওয়া পর্যটন শিল্পে বড় ধাক্কা দেবে বলে মনে করছে ব্যবসায়ী সমিতি। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা। ১ ফেব্রুয়ারি থেকে বিমান পরিষেবা পুরোপুরি থমকে যাওয়ার আশঙ্কায় এখন জেলাজুড়ে অনিশ্চয়তার ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *