৩৭০ টাকার বিরিয়ানি-কাণ্ডে ক্ষমা চেয়েও রেহাই নেই! এবার প্রণীতকে তীব্র খোঁচা কুণাল কামরার – এবেলা

৩৭০ টাকার বিরিয়ানি-কাণ্ডে ক্ষমা চেয়েও রেহাই নেই! এবার প্রণীতকে তীব্র খোঁচা কুণাল কামরার – এবেলা

এবেলা ডেস্কঃ

বিনোদন ডেস্ক: ৩৭০ টাকার চিকেন বিরিয়ানিকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক কিছুতেই থামছে না। সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোল ও সমালোচনার মুখে পড়ে কমেডিয়ান প্রণীত মোরে ইতিমধ্যেই দু-দুবার ক্ষমা চেয়েছেন। কিন্তু তাতেও চিঁড়ে ভিজল না! এবার প্রণীতের এই ক্ষমাপ্রার্থনা নিয়েই প্রকাশ্যেই কটাক্ষের তির ছুড়লেন দেশের অন্যতম চর্চিত স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরা।

প্রণীতের এমনভাবে ক্ষমা চাওয়াটা একেবারেই ভালো চোখে দেখেননি কুণাল। নিজের ‘এক্স’ (টুইটার) হ্যান্ডলে একটি বিস্ফোরক পোস্ট করে তিনি লেখেন, “কমেডিয়ানদের এবার কিছু জিনিসের আড়ালে লুকিয়ে থাকা বন্ধ করা উচিত— যেমন গল্প বলা, ক্রাউড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, ব্যাঙ্ক ব্যালান্স এবং বাবা-মা।” কুণাল তাঁর পোস্টে সরাসরি প্রণীতের নাম নেননি ঠিকই, তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এই তির্যক মন্তব্য প্রণীত মোরে-কে উদ্দেশ্য করেই করা হয়েছে।

কী এই ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্ক?

ঘটনার সূত্রপাত প্রণীত মোরের একটি লাইভ শো থেকে। সেখানে দর্শকাসনে বসা হিমাংশু জাঙ্গরা নামে এক যুবক নিজের ডেটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে দাবি করেন, তিনি এক তরুণীর জন্য ৩৭০ টাকার চিকেন বিরিয়ানি কিনেছিলেন। সেই খরচের বিনিময়ে তিনি ওই তরুণীর থেকে শারীরিক বা অন্য কোনও ‘সুবিধা’ আশা করেছিলেন বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। নেটিজেনদের অভিযোগ, নারীর সম্মানহানি করা ওই যুবকের মন্তব্যকে থামানোর তো দূর, উল্টে মঞ্চে দাঁড়িয়ে হাসাহাসি করে সেটিকে প্রশ্রয় দিয়েছিলেন প্রণীত।

আইনি বিপাকে প্রণীত, কুণালের ডাবল অ্যাটাক:

এর আগেও এই বিতর্ক নিয়ে প্রণীতকে ধুয়ে দিয়েছিলেন কুণাল কামরা। অন্য একটি পোস্টে তিনি লিখেছিলেন, “প্রণীত মোরেকে দেখলে হর্ষ গুজরালকেও বারাক ওবামার মতো (ভদ্র) মনে হয়।”

এদিকে শুধু সোশ্যাল মিডিয়ার ট্রোলিংই নয়, জল গড়িয়েছে আইনি জটিলতাতেও। এই আপত্তিকর ভিডিওর জেরে ইতিমধ্যেই প্রণীত মোরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। এমনকী জাতীয় মহিলা কমিশনও (NCW) পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর। সব মিলিয়ে বিরিয়ানি বিতর্কের জেরে এই মুহূর্তে বেশ ভালোই চাপে রয়েছেন কমেডিয়ান প্রণীত মোরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *