৪ কোটি টাকার চোখধাঁধানো চাকরি ছেড়ে বার্বিকিউ রেস্তরাঁ, বার্ষিক আয় জানলে চমকে যাবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফ্ট, গুগল এবং ইউটিউবের মতো সংস্থায় টানা ১৪ বছর ধরে সফল ক্যারিয়ার পার করেছেন পঁয়ত্রিশ বছর বয়সী সালাহউদ্দিন আব্দুল-কাফি। বার্ষিক ৪.২৫ কোটি টাকার চোখধাঁধানো চাকরি ও কর্পোরেট জীবনের মায়া ত্যাগ করে তিনি সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু করেছেন। আমেরিকার টেক্সাসে তিনি গড়ে তুলেছেন ‘কাফি বার্বিকিউ’ নামের একটি খাঁটি হালাল বার্বিকিউ রেস্তরাঁ। ল্যাপটপের কিবোর্ড ছেড়ে মাংসের ডেকচিতে মন দেওয়া এই প্রাক্তন টেক-বিশেষজ্ঞ এখন টেক্সাসের খাদ্যরসিকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়।
চাকরি ছাড়ার কারণ ও নতুন ব্যবসার সূচনা
বাঁধাধরা কর্পোরেট দুনিয়ায় দিনরাত শুধু টাকার অঙ্ক মেলানোর খেলায় ক্লান্তি চলে আসায় মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত কিছু করার তাগিদ অনুভব করেন সালাহউদ্দিন। এই উদ্দেশ্যেই ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ছেড়ে টেক্সাসে পাড়ি জমান তিনি। শুরুতে বন্ধুদের জন্য ছুটির দিনে মাংস পোড়ানোর মাধ্যমে তাঁর রান্নার দক্ষতার প্রকাশ ঘটে। বন্ধুদের প্রশংসায় উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি রেস্তরাঁ ব্যবসা শুরু করেন। উদ্বোধনের প্রথম দিনেই গ্রাহকদের উপচে পড়া ভিড়ে সব খাবার শেষ হয়ে যাওয়ায় ব্যবসার বিপুল সম্ভাবনার ইঙ্গিত মেলে।
বিপুল আয় ও অর্থনৈতিক প্রভাব
গত এক বছরে সালাহউদ্দিনের এই রেস্তরাঁ থেকে আয় হয়েছে প্রায় ২১.৭ কোটি টাকা এবং চলতি বছরে আয়ের অঙ্ক প্রায় ৩৭.৮ কোটি টাকা ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে। তবে বিপুল রাজস্ব আয় হলেও প্রাথমিক বিনিয়োগ ও পরিচালনা ব্যয়ের কারণে এখনই বড় অঙ্কের মুনাফা ঘরে তুলতে পারছেন না এই উদ্যোক্তা। রেস্তরাঁ চালুর প্রাথমিক খরচ ছিল প্রায় সাড়ে আট কোটি টাকা, যা এখনও পুরোপুরি শোধ হয়নি। পাশাপাশি প্রতি মাসে কাঁচামাল, কর্মীদের বেতন এবং ভাড়া বাবদ খরচ হয় প্রায় দু’কোতি টাকার বেশি। ফলে বর্তমানে জমানো পুঁজি দিয়ে চললেও, কোটি টাকার চাকরির চেয়ে স্বাধীন ব্যবসায় মানুষের রসনাতৃপ্তি ও সান্ধ্য আড্ডার সুবাসেই নিজের জীবনের আসল তৃপ্তি খুঁজে পেয়েছেন সালাহউদ্দিন।
