৪৮ ঘণ্টার সময়সীমা না মানলে কি ধ্বংস হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, হুঁশিয়ারি ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান বনাম আমেরিকা যুদ্ধ চতুর্থ সপ্তাহে পা দিতেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ জাহাজ চলাচলের জন্য খুলে না দিলে ইরানের বিদ্যুৎ পরিকাঠামোয় সরাসরি হামলা চালানো হবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ ট্রাম্প স্পষ্ট করেছেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ইরানের বৃহত্তম পাওয়ার প্ল্যান্টগুলোই হবে মার্কিন সামরিক বাহিনীর প্রথম লক্ষ্য।
২৩ দিনে পা রাখা এই যুদ্ধে তেলের বাজারে বড়সড় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল এই হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ করা হয়। একদিকে ইরানের দূরপাল্লার মিসাইল হানা এবং অন্যদিকে আমেরিকার বিধ্বংসী হুঁশিয়ারি— সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খাদের কিনারে। এই রক্তক্ষয়ী সংঘাতের প্রভাবে ইতিমধ্যেই ইরানে প্রাণ হারিয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে ট্রাম্পের দেওয়া ওই ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার জন্য।

