৬ বছর পর অ্যাকশন! নাড্ডার কনভয়ে হামলায় গ্রেপ্তার ২ তৃণমূল নেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
September 21, 202612:50 pm
২০২০ সালে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় দীর্ঘ ৬ বছর পর গ্রেপ্তার হলেন দুই তৃণমূল কংগ্রেস নেতা। মগরাহাট পশ্চিম এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে উস্তি থানার পুলিশ। ধৃতদের নাম রিপন শেখ এবং সঞ্জীব মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ওই দু’জনকে ধরা হয়। তবে পরবর্তী তদন্তে স্পষ্ট হয় যে, তাঁরা ২০২০ সালে শিরাকোলে নাড্ডার কনভয়ে হামলার ঘটনার সঙ্গেও সরাসরি যুক্ত ছিলেন। এলাকায় বাইক বাহিনী পরিচালনা করে আতঙ্ক তৈরির অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
কী ঘটেছিল সেদিন?
২০২০ সালের ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারে বিজেপির কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন জেপি নাড্ডা। পথে উস্তির শিরাকোল এবং ফলতার দোস্তিপুরে আচমকা তাঁর কনভয়ে ইট-পাথর নিয়ে হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয় নাড্ডার গাড়ি এবং আহত হন বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী।
বর্তমানে ধৃত রিপন ও সঞ্জীবকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। কনভয় হামলায় তাঁদের সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কোথায় এবং এই ঘটনার পেছনে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
