৬ বছর পর ইরান থেকে এলপিজি কিনছে ভারত, এবার কি তবে কমতে চলেছে রান্নার গ্যাসের দাম – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার আবহে ভারতের মাস্টারস্ট্রোক। দীর্ঘ ৬ বছর পর ইরান থেকে রান্নার গ্যাস আমদানির বড় সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। বিশেষ সূত্রের খবর, চিনের উদ্দেশে রওনা হওয়া এলপিজি কার্গো কৌশলে নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে ভারত। শীঘ্রই এই জাহাজটি ম্যাঙ্গালোর বন্দরে এসে পৌঁছাবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই লেনদেনের জন্য ভারতকে কোনো ডলার খরচ করতে হবে না; সম্পূর্ণ পেমেন্ট হবে ভারতীয় টাকায়। এতে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার সুরক্ষিত থাকবে এবং আন্তর্জাতিক বাজারে টাকার শক্তি বাড়বে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ হিসেবে প্রায় ৬০ শতাংশ গ্যাস বিদেশ থেকে আনে। হরমুজ প্রণালীতে যুদ্ধের আশঙ্কায় সরবরাহ ব্যাহত হওয়ার যে ভয় ছিল, ইরানের সঙ্গে সরাসরি চুক্তিতে সেই উদ্বেগ অনেকটাই কাটল।
আমদানি খরচ কম হওয়ায় এবং নিজস্ব মুদ্রায় লেনদেনের ফলে তেল সংস্থাগুলির সাশ্রয় হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, এর সুফল সরাসরি সাধারণ মানুষের পকেটে পৌঁছাতে পারে এবং আগামী দিনে গ্যাস সিলিন্ডারের দাম কমার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

