৭ই আগস্ট জাতীয় হস্তশিল্প দিবস: স্বদেশী ভাবনায় মোদীর ডাক, ‘কিনুন তাঁতের পণ্য, গড়ুন আত্মনির্ভর ভারত’ – এবেলা

এবেলা ডেস্কঃ
৭ই আগস্ট ‘জাতীয় হস্তশিল্প দিবস’ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে এক বিশেষ আবেগঘন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ফ্রেন্ডশিপ ডে’-র মতোই বিপুল উৎসাহ-উদ্দীপনায় এই দিনটি উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় তাঁতি ও হস্তশিল্পীদের পাশে দাঁড়াতে দেশবাসীকে হস্তচালিত তাঁতের তৈরি পণ্য কেনা এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রচার করার বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, ১৯০৫ সালের ৭ই আগস্ট ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ‘স্বদেশী আন্দোলন’ শুরু হয়েছিল। সেই আন্দোলন সমগ্র দেশকে একসূত্রে বেঁধেছিল এবং ভারতের আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল। মোদীর মতে, জাতীয় হস্তশিল্প দিবস হলো দেশের সেই তাঁতিদের সম্মান জানানোর সেরা মঞ্চ, যাঁরা ছোট ছোট ঘরে বসেই বিশ্বমানের বৈচিত্র্যময় রেশম ও সুতির বস্ত্র বুনছেন।
হস্তশিল্প ও তাঁতশিল্পের প্রসারে প্রধানমন্ত্রী দেশবাসীকে অন্তত একটি হলেও তাঁতজাত পণ্য কেনার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, সেই পণ্যের একটি ছোট ভিডিও বানিয়ে অনলাইনে শেয়ার করতে বলেছেন, যাতে অন্যরাও এই শিল্পকে সমর্থন জানাতে অনুপ্রাণিত হন।
মোদী স্পষ্ট জানান, “আমাদের মূল লক্ষ্য একটি আত্মনির্ভর ভারত গড়ে তোলা। আর তার জন্য সমাজের প্রতিটি ছোট ও দরিদ্র পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি।” সাধারণ মানুষের এই ছোট্ট প্রয়াসই ভারতীয় হস্তশিল্প ও তাঁতিদের অসামান্য দক্ষতাকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে বড় ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
