লেটেস্ট নিউজ

৭০ টাকার লটারিতে কোটিপতি হরিহরপাড়ার দিনমজুর, খুশির জোয়ার পীরতলা গ্রামে – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত চোয়া পঞ্চায়েতের পীরতলা গ্রামের বাসিন্দা সাহাবুদ্দিন শেখ লটারিতে প্রথম পুরস্কার জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন। পেশায় দিনমজুর সাহাবুদ্দিন শনিবার সকালে কাজের প্রয়োজনে চোয়া বাজারে গিয়ে মাত্র ৭০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কাটেন। দুপুরে ফলাফল ঘোষণা হতেই দেখা যায়, ওই শ্রমজীবীর ভাগ্য বদলে দিয়েছে আট অঙ্কের বিশাল এক পুরস্কার।

হঠাৎ এই বিপুল অর্থ প্রাপ্তির খবর ছড়িয়ে পড়তেই সাহাবুদ্দিনের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়ে। অভাবের সংসারে দীর্ঘদিনের লড়াইয়ের পর এই সাফল্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে পরিবারটিতে। সাহাবুদ্দিনের মা জানান, অভাব মেটানোর আশায় দীর্ঘ দিন ধরে লটারি কাটতেন তাঁর ছেলে, অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত।

বিপুল এই অর্থ দিয়ে নিজের জীর্ণ বসতবাড়ি সংস্কারের পাশাপাশি সন্তানদের সুশিক্ষার ওপর জোর দিতে চান সাহাবুদ্দিন। তিনি জানান, অর্থাভাবে নিজে পড়াশোনা করতে না পারলেও এখন সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। অভাবী দিনমজুরের এই নাটকীয় উত্তরণ এবং জীবনের মোড় ঘুরে যাওয়ার ঘটনাটি বর্তমানে সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে ব্যাপক চর্চায় উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *