৮ হাজারেই কেল্লাফতে! সাইবার প্রতারকদের হাতে ফোন ক্লোন করার বিপজ্জনক টেকনোলজি – এবেলা

এবেলা ডেস্কঃ
September 23, 20268:50 am
হোয়াটসঅ্যাপে কোনো অপরিচিত নম্বর থেকে আসা ছবি, ভিডিও কিংবা সংবাদের লিঙ্কে ক্লিক করার আগে ১০০ বার ভাবুন। আপাতদৃষ্টিতে সাধারণ দেখতে এই মিডিয়া বা সংবাদের আড়ালেই লুকিয়ে থাকছে ফোন ক্লোন করার শক্তিশালী ‘এপিকে (APK) ফাইল’। সম্প্রতি একাধিক সাইবার অপরাধের তদন্তে নেমে রাজ্য ও কলকাতা পুলিশের সাইবার সেল উদ্ধার করেছে চাঞ্চল্যকর তথ্য।
ডার্ক ওয়েবে বিকোচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার পুলিশ জানিয়েছে, কোনো বৈধ কাগজপত্র বা কেওয়াইসি (KYC) যাচাই ছাড়াই ডার্ক ওয়েবে অসাধু উপায়ে বিক্রি করা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (VPS)। অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য মাত্র ৫ থেকে ৮ হাজার টাকায় এই সার্ভারগুলি চলে যাচ্ছে আন্তর্জাতিক সাইবার প্রতারকদের হাতে। এই বেআইনি কারবারের নেপথ্যে রয়েছে দক্ষিণ ভারতের একদল অসাধু ওয়েব ডেভলপারের বড় চক্র।
কলকাতায় একের পর এক প্রতারণা সাম্প্রতিক সময়ে তিলোত্তমায় এধরনের অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে:
- হাইকোর্টের আইনজীবী দম্পতি সর্বস্বান্ত: ভুয়ো ‘বাহন’ (Vahan) অ্যাপের লিঙ্কে ক্লিক করতেই কলকাতা হাইকোর্টের এক বিশিষ্ট আইনজীবী ও তাঁর স্ত্রীর মোবাইল একযোগে হ্যাক হয়ে যায়। মুহূর্তেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয় লক্ষাধিক টাকা।
- ১৭ লাখের বিদ্যুৎ বিলের ফাঁদ: ভুয়ো বিদ্যুৎ বিল পরিশোধের নামে ‘এপিকে’ ফাইল পাঠিয়ে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে ইতিমধ্যেই দক্ষিণ ভারতের এক ওয়েব ডেভেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কীভাবে ফাঁদ পাতছে দুষ্কৃতীরা? তদন্তকারীরা জানান, এই ভার্চুয়াল সার্ভারগুলির নিজস্ব ফিজিক্যাল কোনো অস্তিত্ব থাকে না। এদের নিজস্ব সিপিইউ, স্টোরেজ ও অপারেটিং সিস্টেম থাকায় সাধারণ পদ্ধতিতে ট্র্যাক করা প্রায় আসাম্ভব। তবে ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকায় এর ডিজিটাল ‘আইপি অ্যাড্রেস’ (IP Address) ধরে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
অজানা বা সন্দেহজনক কোনো ফাইল ডাউনলোড না করার এবং অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার কড়া পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
