অগাস্টেই মিলবে ৫ লাখ টাকার ফ্রি চিকিৎসা! আপনার আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস কী? বাড়ি বসেই চেক করুন – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই মেগা প্রকল্পের সূচনা হবে। প্রথম দফাতেই রাজ্যের প্রায় ৫০ লক্ষ যোগ্য উপভোক্তার হাতে পৌঁছবে এই স্বাস্থ্য বিমার কার্ড। রাজ্য সরকারের লক্ষ্য, ধাপে ধাপে মোট সাড়ে ৬ কোটি মানুষকে এই সুবিধার আওতায় আনা। বর্তমানে জোরকদমে চলছে উপভোক্তাদের তথ্য যাচাই বা ই-কেওয়াইসির (e-KYC) কাজ।
আয়ুষ্মান কার্ড না পেলে কী হবে? আগের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা ২ কোটির বেশি মানুষ এবার আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাদ পড়তে পারেন। তবে এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, যাঁরা আয়ুষ্মান প্রকল্পের যোগ্য হবেন না, তাঁদের জন্য আসছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’। এই প্রকল্পের আওতায় থাকা প্রায় ২ কোটি মানুষও বিনামূল্যে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন। খুব শীঘ্রই এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
কীভাবে চেক করবেন আপনার আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস? আপনি আয়ুষ্মান কার্ডের জন্য যে আবেদন করেছেন, তা আদৌ গৃহীত হয়েছে কি না, তা সহজেই PMJAY পোর্টালে গিয়ে দেখে নিতে পারেন। পোর্টালে নামের পাশে থাকা ‘টিক’ চিহ্নের রং দেখেই বুঝতে পারবেন আপনার স্ট্যাটাস:
- সবুজ টিক (Green Tick): নামের পাশে সবুজ রঙের টিক এবং ‘Verified’ লেখা থাকলে নিশ্চিন্ত থাকুন। এর মানে আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ। স্টেট ভেরিফিকেশন হয়ে গেলেই আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
- গেরুয়া টিক (Orange Tick): নামের পাশে গেরুয়া টিক ও ‘Identified’ লেখা থাকলে বুঝবেন ভেরিফিকেশন বাকি। সেক্ষেত্রে ‘Do e-KYC to create Ayushman card’ অপশনে ক্লিক করুন। আধার ওটিপি (Aadhaar OTP), ফেস স্ক্যান বা আঙুলের ছাপের মাধ্যমে সহজেই ভেরিফিকেশন সেরে ফেলুন।
- লাল টিক (Red Tick): যাদের নামের পাশে লাল টিক ও ‘Unidentified’ লেখা দেখাচ্ছে, তাঁদের ডকুমেন্টে কিছু গরমিল রয়েছে। মূলত আধার ও রেশন কার্ডের নামের বানানে অমিল থাকলে এই লাল টিক আসে। এটি অনলাইনে সমাধান করা যাবে না। এর জন্য আপনাকে নিকটবর্তী সিএসসি (CSC) সেন্টার অথবা এলাকার আশা (ASHA) কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাঁরাই বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার ই-কেওয়াইসি করিয়ে দেবেন।
