অনলাইন ফুড অর্ডার করলেই কি পকেট ফাঁকা হবে? এক ধাক্কায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে জ্যোমাটোর দাম! – এবেলা

এবেলা ডেস্কঃ
অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জ্যোমাটোর খাবার অর্ডার করার খরচ এক ধাক্কায় ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল প্যাকেজিং ব্যবহারের দিকে ঝুঁকে পড়ায় এই অতিরিক্ত আর্থিক বোঝা গ্রাহকদেরই বহন করতে হতে পারে। জ্যোমাটো লিমিটেডের চিফ সাসটেইনেবিলিটি অফিসার অঞ্জলি রবি কুমার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্লাস্টিকের পরিবর্তে ব্যাগাস, কাগজ বা মাটির পাত্রের মতো পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের খরচ তুলনামূলক অনেক বেশি। বর্তমানে অর্ডারের প্রায় ৫ শতাংশ খরচ প্যাকেজিংয়ের পেছনে গেলেও, এই বিকল্প উপকরণের দাম বেশি হওয়ায় সামগ্রিক খাবারের দাম বাড়তে পারে।
তবে এই সমস্যা সমাধানে জ্যোমাটো প্যাকেজিং স্টার্টআপ এবং রেস্তোরাঁগুলিকে কম খরচে টেকসই বিকল্প তৈরির জন্য উৎসাহিত করছে। পাশাপাশি, গ্রাহকদের সুবিধার্থে অ্যাপে একটি বিশেষ ‘লো প্লাস্টিক প্যাকিং ফিল্টার’ চালু করা হয়েছে, যার মাধ্যমে কম প্লাস্টিক ব্যবহারকারী রেস্তোরাঁ সহজে চিহ্নিত করা যায়। উৎপাদনের পরিমাণ বাড়লে ভবিষ্যতে পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের দাম কমবে বলে আশা করা হলেও, আপাতত নিয়মিত অনলাইন খাবার অর্ডারকারীদের এই বাড়তি খরচ নিয়ে ভাবতে হতে পারে।
