অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নবান্নের কড়া নির্দেশ! অক্টোবরের টাকা পেতে দ্রুত করুন এই কাজ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 23, 202612:58 pm
অক্টোবর মাসের ভাতার টাকা পাওয়ার আগে অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা নিয়ে বড় নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে— কোনও উপভোক্তা আর একসঙ্গে দুইটি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। যে কোনও একটি ভাতা বেছে নিয়ে নবান্নের কাছে লিখিত আবেদন জানাতে হবে।
কাদের জন্য এই নিয়ম এবং কী পরিবর্তন?
- অন্নপূর্ণা যোজনা: যোগ্য নারী উপভোক্তারা প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা।
- বিধবা ভাতা: বর্তমানে এই ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ১,৫০০ টাকা করা হয়েছে।
- মূল নিয়ম: এতদিন যাঁরা একই সঙ্গে অন্নপূর্ণা ও বিধবা ভাতার টাকা পাচ্ছিলেন, এবার থেকে তাঁদের দুটির মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে।
কীভাবে বদলে নেবেন নিজের ভাতা? আপনি যদি বিধবা ভাতার (১,৫০০ টাকা) বদলে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেতে চান, তবে: ১. গ্রাম পঞ্চায়েত বা ব্লক এলাকার ক্ষেত্রে স্থানীয় BDO অফিসে লিখিত চিঠি জমা দিয়ে আবেদন জানাতে হবে। ২. শহরের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুরসভা কার্যালয়ে যোগাযোগ করতে হবে। ৩. লিখিত আবেদনে জানাতে হবে যে আপনি বিধবা ভাতা সারেন্ডার করে অন্নপূর্ণা যোজনা চালু রাখতে চান।
কারা একসঙ্গে ২টি ভাতার টাকাই পাবেন? (ব্যতিক্রম) রাজ্য সরকার দুটি ক্ষেত্রে এই নিয়মে বিশেষ ছাড় দিয়েছে:
- বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গ) নারী: তাঁরা ১,৫০০ টাকা প্রতিবন্ধী ভাতার পাশাপাশি ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনা—দুটির টাকাই (মোট ৪,৫০০ টাকা) পাবেন।
- পিএম কিষান (PM-Kisan) প্রাপক: এই প্রকল্পের সুবিধার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার পুরো টাকা পাওয়া যাবে।
২৯ সেপ্টেম্বরের মধ্যে সারতে হবে কাজ রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের নির্দেশে সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে জানানো হয়েছে, উপভোক্তাদের কাছ থেকে লিখিত পছন্দ (Option) সংগ্রহ করে ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ‘সমর্থ’ (Samarth) পোর্টালে আপলোড করতে হবে। তাই অক্টোবর মাসের কিস্তির টাকা ঝক্কিহীনভাবে অ্যাকাউন্টে পেতে উপভোক্তাদের দ্রুত বিডিও অফিস বা পুরসভায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
