অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? বঞ্চিত নারীদের জন্য বড় পদক্ষেপ সাংসদ সৌমিত্র খাঁর! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 23, 20267:11 am
অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর দীর্ঘদিন কেটে গেলেও এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে মেলেনি ৩০০০ টাকা? যোগ্য হওয়া সত্ত্বেও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের বহু মহিলা। বিভিন্ন জেলায় এ নিয়ে ক্ষোভ বাড়ছে। এবার এই সমস্যার স্থায়ী সমাধানে সরাসরি ময়দানে নামলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
রাজ্যে বিপুল সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও অভিযোগ উঠেছে, বিষ্ণুপুরের বিস্তীর্ণ এলাকার বহু যোগ্য আবেদনকারী এখনও এই ভাতার টাকা পাননি। সঠিকভাবে ফর্ম জমা দেওয়া সত্ত্বেও কেন তাঁদের টাকা আটকে রয়েছে, তা নিয়ে অসন্তোষ তীব্র হচ্ছে।
এই পরিস্থিতিতে বঞ্চিত নারীদের অধিকার ফিরিয়ে দিতে বড় পদক্ষেপ নিলেন সাংসদ। এলাকার একজন যোগ্য আবেদনকারীও যাতে এই সুবিধা থেকে বাদ না পড়েন, সেই লক্ষ্য নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে আর্জি জানিয়েছেন তিনি। গত ১৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন সৌমিত্র খাঁ। শুধু চিঠি পাঠানোই নয়, যাতে দ্রুত কাজ হয় সেই কারণে বাদ পড়া মহিলাদের আবেদনপত্রের আইডি (ID) ও নামের তালিকাও চিঠির সঙ্গে যুক্ত করে দিয়েছেন তিনি।
সাংসদের এই পদক্ষেপে আশার আলো দেখছেন বিষ্ণুপুরের বঞ্চিত মহিলারা। কোতুলপুরের বাসিন্দা মনিকা খাঁ, রেণুকা রায় ও অর্পিতা পালদের বক্তব্য, সমস্ত জায়গায় ঘুরেও যখন কাজ হয়নি, তখন সাংসদ তাঁদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাবি পৌঁছে দিয়েছেন। এতে তাঁরা খুব শীঘ্রই বকেয়া টাকা পাবেন বলে আশাবাদী।
