‘অন্যায় হয়ে গিয়েছে…’, পুরনো ক্ষোভের জেরে TMCP নেতাকে কান ধরে ওঠবস করাল জনতা – এবেলা

‘অন্যায় হয়ে গিয়েছে…’, পুরনো ক্ষোভের জেরে TMCP নেতাকে কান ধরে ওঠবস করাল জনতা – এবেলা

এবেলা ডেস্কঃ

নবদ্বীপ: ভরা বাজারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) এক নেতাকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। মঙ্গলবার নদিয়ার নবদ্বীপের পোড়ামাতলা বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অপমানে অভিযুক্ত নেতার কান ধরে ওঠবস করার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরে স্থানীয় জনতা তাঁকে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার সূত্রপাত যেভাবে: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত নেতার নাম শ্যাম পাল, যিনি এলাকায় TMCP-র প্রভাবশালী নেতা বলেই পরিচিত। অভিযোগ, গত বছর দুর্গাপুজোর সময়ে পোড়ামাতলা বাজার রোডে রঞ্জন পাল নামে এক স্থানীয় দোকানদারের স্কুটি সরিয়ে রাখাকে কেন্দ্র করে বচসা হয়। অভিযোগ ওঠে, সেই সময় শ্যাম পাল ও রাজদ্বীপ চট্টোপাধ্যায় নামে দুই যুবক ওই দোকানদারকে বেধড়ক মারধর করেন। সেই সময় ভয়ে পুলিশে অভিযোগ না জানালেও স্থানীয় ব্যবসায়ীদের মনে সেই ক্ষোভ থেকেই গিয়েছিল।

জনরোষ ও পুলিশের পদক্ষেপ: সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের হাওয়া উঠতেই পোড়ামাতলা বাজারে শ্যাম পালকে দেখতে পান স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরা। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরে গত বছরের মারধরের ঘটনার কৈফিয়ত তলব করা হয় এবং তাঁকে কান ধরে ওঠবস করানো হয়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে থাকা ওই নেতা কাঁচুমাচু মুখে বলছেন, “ছেড়ে দিন দাদা, অন্যায় হয়ে গিয়েছে।”

শেষ পর্যন্ত জনতা তাঁকে ছাড়েনি। পুরোনো মারধরের ঘটনার ভিত্তিতে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং শ্যাম পালকে পুলিশের হাতে সঁপে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীর অভিযোগ এবং জনতা কর্তৃক আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা— উভয় দিক খতিয়ে দেখেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *