অবশেষে চলল বুলডোজার! চন্দ্রকোণায় জমি দখল করে মিষ্টির দোকান ভাঙল হাইকোর্টের নির্দেশে – এবেলা

অবশেষে চলল বুলডোজার! চন্দ্রকোণায় জমি দখল করে মিষ্টির দোকান ভাঙল হাইকোর্টের নির্দেশে – এবেলা

এবেলা ডেস্কঃ

ঘাটাল: রাজ্য সড়কের ধারে সরকারি ও ব্যক্তিগত জমি দখল করে গজিয়ে ওঠা অবৈধ মিষ্টির দোকান অবশেষে গুঁড়িয়ে দেওয়া হলো। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে শুক্রবার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এই বেআইনি নির্মাণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়ন্তীপুর এলাকায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘাটাল-চন্দ্রকোণা ৪ নম্বর রাজ্য সড়কের ধারে পূর্ত দপ্তরের জায়গা এবং তার সংলগ্ন রায়ত (ব্যক্তিগত) জায়গা দখল করে পাকা ঘর তৈরি করেছিলেন রঞ্জন সিংহ নামে এক স্থানীয় বাসিন্দা। সেখানে দিব্যি মিষ্টির ব্যবসাও চালাচ্ছিলেন তিনি। কিন্তু যে ব্যক্তিগত জায়গাটি দখল করা হয়েছিল, তার আসল মালিক কৃষ্ণেন্দু বিকাশ দত্ত পেশায় ঘাটাল আদালতের একজন আইনজীবী। নিজের জমি ফেরত পেতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

আদালত অবমাননার পর কড়া অ্যাকশন:

আইনজীবী কৃষ্ণেন্দু বিকাশ দত্ত গত বছর ১ আগস্ট হাইকোর্টে মামলা দায়ের করেন। এরপর গত ৪ ডিসেম্বর আদালত স্থানীয় প্রশাসনকে তদন্তের নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ ওঠে। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পুনরায় আদালত অবমাননার মামলা করেন কৃষ্ণেন্দু বাবু। এর পরেই নড়েচড়ে বসে আদালত। গত ২৭ মে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেয় যে, আগামী ৮ জুনের মধ্যে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে।

আদালতের এই কড়া নির্দেশের পর অবশ্য প্রশাসন আসার আগেই রঞ্জন সিংহ নিজেই তাঁর তৈরি পাকা ঘরের একাংশ ভাঙতে শুরু করেন। অবশেষে শুক্রবার পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও, ভূমি দপ্তরের আধিকারিক এবং চন্দ্রকোণা থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে অবশিষ্ট অবৈধ অংশ বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন জমির প্রকৃত মালিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *